পানি সমস্যার সমাধানে মানববন্ধন করেছে মিরসরাইয়ের সাধারণ জনগণ। ঐ মানববন্ধনে জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দেড় হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ইস্পাত শিল্প নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএমের কারখানার গেটে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, বিএসআরএম প্রথমে সামান্য জায়গা নিয়ে এখানে কারখানা স্থাপন করে। পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বিশাল এলাকায় তাদের কারখানা বিস্তৃত করে। গত ১০ বছর যাবত্ অধিক ক্ষমতাসম্পন্ন ১০ থেকে ১২টি গভীর নলকূপ স্থাপন করে এই কোম্পানিটি ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে। যার কারণে উপজেলার আটটি ইউনিয়নের মানুষ পানি পাচ্ছে না।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আগামী দুই মাস বিএসআরএম কারখানা বন্ধ রাখতে হবে। এ সময় কারখানায় কোনো স্ক্র্যাপ ঢুুকবে না। আইনশৃঙ্খলা বাহিনী গাড়ি প্রবেশ না করার বিষয়টি নিশ্চিত করবে। যদি গাড়ি প্রবেশ করে তাহলে আরো বড় ধরনের আন্দোলন করা হবে। যা আইনশৃঙ্খলা বাহিনীকে সামাল দিতে হবে। তবে আগামী দুই মাসের মধ্যে বিএসআরএম পাইপ লাইনের মাধ্যমে ফেনী নদী থেকে পানি আনার ব্যবস্থা করবে।’
তিনি আরো বলেন, ‘মিরসরাই কৃষিনির্ভর এলাকা। প্রধানমন্ত্রী কৃষিজমি বাঁচাতে ৫০ হাজার একরের বঙ্গবন্ধু শিল্পনগর স্থাপন করেছেন। আগামী এক বছরের মধ্যে বিএসআরএমকে কৃষি ও জনবসতিপূর্ণ এ এলাকা থেকে ফ্যাক্টরি সরিয়ে শিল্পনগরে স্থানান্তর করতে হবে। না হয় জনগণ ফ্যাক্টরি গুঁড়িয়ে দিবে।’
মানববন্ধনের উদ্যোক্তা স্থানীয় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জসিমউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন, নুরুল মোস্তফা, আবু সুফিয়ান বিপ্লব, এমরান উদ্দিন, জাহাঙ্গীর হোসাইন মাস্টার, কবির নিজামী, ফজলুল কবির ফিরোজ, কামরুল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।