শেখ হাসিনার গাড়িবহরে হামলা

দন্ডিত সাত জনের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিল দায়েরের নির্দেশ

সাতক্ষীরায় তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত সাত আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতই থাকছে। আগামী তিন সপ্তাহ ঐ জামিনাদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আসামি পক্ষে এম মাহবুবউদ্দিন খোকন শুনানি করেন।

এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া জামিন আদেশ রবিবার পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল ঐ স্থগিতাদেশ তিন সপ্তাহ বাড়িয়ে দেয়।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সাত আসামির জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তাদের দায়েরকৃত আপিল চার মাসের মধ্যে নিষ্পত্তি করতে সাতক্ষীরার জেলা ও দায়রা জজকে নির্দেশ দেন।

প্রসঙ্গত ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তত্কালীন বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সড়ক পথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে আহত হন শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েক জন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা।