ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক শহীদুজ্জামান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর গত কয়েক দিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন শহীদুজ্জামান খান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান প্রতিবেদক এস এম জাহাঙ্গীর বলেন, ‘সন্ধ্যা সোয়া ৭টার পর আমরা তার মৃত্যুর সংবাদ জেনেছি। তিনি করোনা উপসর্গ নিয়ে ঐ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৭২। তিনি কিডনি, ডায়াবেটিস জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে তিনি নিউমোনিয়ায়ও আক্রান্ত হন।’
শহীদুজ্জামান খান ফিনান্সিয়াল এক্সপ্রেসের শুরু থেকেই যুক্ত ছিলেন। দৈনিকটিতে কিছুদিন তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি ১৯৭০ সালে অবজারভারে সাংবাদিকতা শুরু করেন। এরপর ডেইলি স্টারেও সাংবাদিকতা করেন। এছাড়া তিনি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফেও কাজ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।