মিয়ানমারে দুই সাংবাদিকের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল

মিয়ানমারে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রতিবেদন দেয়ায় সাত বছরের কারাদন্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিকের সাজা মওকুফে আবেদন করা হয়েছে। শুক্রবার আইনী পদ্ধতি অনুসরণ করে দেশটির সুপ্রিমকোর্টে তাদের পক্ষে আপিল আবেদন জমা দেয়া হয়। খবর এএফপির।

রিপোর্টার ওয়া লোন (৩২) ও কিয়া সু (২৮) উভয়েই মিয়ানমারের নাগরিক, ২০১৭ সালের ডিসেম্বরে তাদের ইয়াংগুন থেকে গ্রেফতার করা হয়। পরে ‘সরকারি গোপনীয়তা আইন’ লঙ্ঘনের দায়ে তাদের কারাদন্ড প্রদান করা হয়।

জানুয়ারি মাসে ইয়াংগুন হাইকোর্ট এ ব্যাপারে প্রাথমিক আপিল নাকচ করে দেয়ায় তাদের ভাগ্য এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের বিচারকগণের হাতে।

রাজধানী নেপিদোতে আইনজীবী খিন মঙ যো এএফপি-কে জানান, ‘আমরা আজ সকালে আপিল করতে যাচ্ছি।’ ‘আমরা আশা করছি যে, সুপ্রিম কোর্ট এই আপিল নাকচ করবে না।’

আরও পড়ুনঃ ঢাকাবাসীর পছন্দ মিয়া খলিফা, খুলনায় সানি লিওন

তাদের দু’জনের বিরুদ্ধে রাখাইন রাজ্যে অভিযানের গোপন তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে। রাখাইন রাজ্যে সেনা অভিযান চালালে বহুসংখ্যক রোহিঙ্গা মুসলমান পালিয়ে যাওয়ার ইস্যুটি জাতিসংঘ ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করে থাকে।

ওয়া লোন ও কিয়া সু’র দণ্ডাদেশের পর গোটা বিশ্ব তাদের তাৎক্ষণিক মুক্তি ও মিয়ানমারে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সোচ্চার হয়ে উঠে।

ইত্তেফাক/টিএস