গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৫দিন পর রেহেনা খাতুন (২৭) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের মরা করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী শাকিল মিয়া। তবে শাকিলের বাবা এজাদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত রেহেনা খাতুন গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের শাকিল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে শাকিলের সঙ্গে রেহেনার বিয়ে হয়। তাদের ৯ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে রেহেনার সঙ্গে শাকিলের পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল। গত সোমবার থেকে রেহেনা বেগম হঠাৎ করে নিখোঁজ হয়। নিজ বাড়ি ও স্বামীর বাড়িতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে মরা করতোয়া নদীর কচুরি পানার নিচে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আরো পড়ুন: শিরায় ইনজেকশন দিয়ে চিকিৎসকের আত্মহত্যা, স্ত্রী আটক
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, ‘রেহানার গলা ও হাতকাটা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ