পরিকল্পিতভাবে ব্যবসায়ীকে খুন, ৪ জনের স্বীকারোক্তি

সিলেটের ওসমানীনগরে ব্যবসায়ী ইউনুছ আলী খুনের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটকৃতরা। শুক্রবার বিকালে প্রেস ব্রিফ্রিংকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল মো. সাইফুল ইসলাম ও ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন বিষয়টি জানান।

আটককৃতরা হলো- ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউপির আব্দুল্লাপুর গ্রামে আব্দুল বারির ছেলে ফয়েজ আহমদ (২০), একই ইউনিয়নের উত্তর কালনিরচর গ্রামের আশিক মিয়ার ছেলে ফাহিম আহমদ ধন মিয়া (২০), নেত্রকোনা জেলার মদন থানার বর্তমানে উপজেলার তালেরতল এলাকার বাসিন্দা হারিছ মিয়ার ছেলে অলিউর রহমান অলি (২০) ও নিহত ব্যবসায়ীর দোকান কর্মচারী বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের কনর মিয়ার ছেলে বাদশা মিয়া (২৩)।

আরো পড়ুন: সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর নিজেকে যেভাবে সামলাবেন

পুলিশ জানান, পরিকল্পনা অনুযায়ী নিহত ইউনুছকে ঘুম থেকে ডেকে তুলে চারজন মিলে মারপিট করে একপর্যায়ে রড দিয়ে মাথার ডানপাশে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে নিহত ইউনুছের মৃত দেহ দোকানের ভিতরে নিয়ে কম্বল দিয়ে মুড়িয়ে রেখে ঘাতকরা স্বাভাবিক অবস্থায় চলে যায়। আটককৃতদের আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, উপজেলার দক্ষিণ তাজপুর এলাকার সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন ‘মায়ের দোয়া সিট সেন্টার’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইউনুছ মিয়া বুধবার তার ব্যবসা প্রতিষ্ঠানে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। বৃহস্পতিবার সকালে মাথা থেঁতলানো অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের ভাই মোজাম্মেল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭।

ইত্তেফাক/বিএএফ