রাজাপুরে মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে কুপিয়ে জখম

রাজাপুরের পুটিয়াখালি গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ছাত্রীর বাবা এ ঘটনার প্রতিবাদ করায় এবং বিচার চাওয়ায় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে ধর্ষণ ও মারামারির অভিযোগে চার জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করেন ঐ ছাত্রীর চাচা।

মামলা সূত্র ও পুলিশ জানায়, উপজেলার পুটিয়াখালী এলাকার মো. শাহ জামান হাওলাদারের ছেলে মো. বেল্লাল হাওলাদার তার সহযোগী তাওহীদ মোল্লার সহায়তায় ঐ স্কুলছাত্রীকে গত ২৬ মে সন্ধ্যার পর বাড়ি থেকে তুলে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটিকে ভয়ভীতি দেখায় তারা। পরে ঘটনা জানাজানি হলে ছাত্রীর বাবা ২৯ মে রাতে অভিযুক্ত বেল্লালসহ তার পরিবারকে ডেকে এ ঘটনার প্রতিবাদ করেন এবং বিচার চান।

তখন তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে বেল্লালের বাবা মো. শাহ জামান হাওলাদার ও রাজাপুর সদরের মৃত মেনাজের ছেলে মো. সিদ্দিক এসে তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা আহত ঐ ব্যক্তিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ভাইকে মারধর ও ভাতিজিকে ধর্ষণের অভিযোগে ছাত্রীর চাচা বাদী হয়ে চার জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করেছেন। ধর্ষণ মামলায় বেল্লাল ও তাওহীদকে আসামি করা হয়েছে। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ইত্তেফাক/এমআর