টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোকন মিয়া (৩২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, ওই যুবক শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনা ঘটে।

নিহত রোকন মিয়া গাজীপুর জেলার পুবাইল থানার বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালানোর সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া ঘটনাস্থলে নিহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করে হয়।

তিনি আরও জানান, নিহতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমআর