বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ তার সঙ্গে থাকা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মঙ্গলবার (১ জুন) দুপুর ১১টা ৫৫মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় উপস্থিত সকল ছাত্রদলের নেতাকর্মী আহত হয়। বিষয়টি ইত্তেফাক অনলাইনকে জানিয়েছেন ছাত্রদলের সহ-সভাপতি মামুন খান।
তিনি বলেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ১০/১৫ জন ছাত্রদল নেতাকর্মী নিয়ে টিএসসিতে চা খাচ্ছিলেন। এ সময় লকডাউনে অবৈধভাবে হলে থাকা দুই শতাধিক ছাত্রলীগের সন্ত্রাসী অতর্কিতভাবে ছাত্রদল সভাপতিসহ উপস্থিত সকল নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে উপস্থিত সবাই আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তিনি বলেন, ছাত্রদল সভাপতির উপর অন্যায়ভাবে যে নোংরা হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।
ইত্তেফাক/এমইউএ