আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি

 বিনোদন রিপোর্ট

 

নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন ও নাটক নির্মাণ করছেন। তার বিজ্ঞাপন ও নাটক দর্শকদের কাছে প্রশংসিতও হচ্ছে প্রতিনিয়ত। তবে নাটক নির্মাণে অনিয়মিত হলেও বিজ্ঞাপনে বরাবরই সরব তিনি। এ নিয়ে রাজীব বলেন, ‘নাটক নির্মাণের জন্য যে বাজেট, সময় বা শ্রম দিতে হয় সেটা আসলে পাই না। তাই এই মাধ্যমটি নিয়ে আমার আগ্রহ অনেক কম। এছাড়া আমি আসলে গুয়িয়ে ভালো একটি কাজ করতে চাই। তাই শখে বসে মাঝে মাঝে দু-একটি নাটক নির্মাণ করি। সেই জায়গা থেকে আমাদের বিজ্ঞাপনের অবস্থান অনেক ভালো। নাটক-সিনেমা যেখানে একটি ফর্ম তৈরি করতে ব্যর্থ হয়েছে সেখানে বিজ্ঞাপন সেটা সম্ভব করেছে। বিজ্ঞাপনে অনেক ট্যালেন্ট মানুষ রয়েছে। এদের কাজের পরিবেশ তৈরি করে দিলে চলচ্চিত্র বা নাটক আরো ভালো করতে পারবে।’ বর্তমানে একই ঘরানার নাটক আমার হরহামেশাই দেখতে পাই। উন্মুক্ত মাধ্যমে নানা ধরনের মানহীন কাজের সয়লাবও চোখে পড়ার মতো। এ নিয়ে তিনি আরো বলেন, ‘আমি বলবো কিছুদিন আগে যে অভিযোগ ছিল সেখান থেকে আমরা অনেক এগিয়ে গেছি। এখন অনেক ভালো কাজ হচ্ছে। তবে বাজেট বা সময় স্বল্পতার মাঝেও যে একজন নির্মাতা দু-তিন দিনে একটি গল্প সুন্দর করে বলতে পারছেন এটা ইতিবাচক একটি দিক। ওটিটি নিয়ে বলবো, যদি এই মাধ্যমটির সঠিক ব্যবহার আমরা করতে পারি, তবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছুই বয়ে আনবে। ভালো-খারাপ বিভিন্ন আলোচনা-সমালোচনা থাকবেই। এর ভেতরেই মানসম্পন্ন কাজ দিয়ে আমাদের সময়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।’ উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তিনি ছবি নির্মাণ করবেন বলে পরিকল্পনা করে আসছেন। সব কিছু মিলে গেলে শিগগিরই ছবি নির্মাণে তাকে দেখা যাবে জানান এই নির্মাতা।