পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জে বিদু্যুত্স্পৃষ্টে ইসমাইল হোসেন নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন একই গ্রামের আব্দুল লতিফ ওরফে পানিয়া মোহাম্মদের ছেলে। পীরগঞ্জ পৌর শহরের কলেজ বাজারে তার মুদির দোকান ছিল। এলাকাবাসী জানায়, শয়ন ঘর মেরামতের জন্য টিনের চালার ওপরে উঠেন ইসমাইল। এ সময় ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। বাড়ির লোকজন তাত্ক্ষণিক তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।