পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েক জন। সোম ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

লোহাগাড়া (চট্টগ্রাম) : লোহাগাড়ায় মঙ্গলবার দুপুর ২টার দিকে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল অরোহীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বার আউলিয়া গেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী মো. রিদুয়ান (২৮)। দোজাহারী হাইওয়ে থানার ওসি মো. আবদুর রব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর শিহাব উদ্দিন (১২)। শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই শাহরিয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জলঢাকা (নীলফামারী) : জলঢাকায় সোমবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মন্থেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের নাম আল আমিন হোসেন (২৫)। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে সোমবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্স ও রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।