বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ

স্টাফ রিপোর্টার, রংপুর

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দসহ চার দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে রংপুর জেলা শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। পরে ডিসির মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা। বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন সুজন প্রমুখ। চার দফা দাবি হলো—শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ; সব শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য বাজেট বরাদ্দ; করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা; সব শিক্ষাপ্রতিষ্ঠানের করোনাকালের বেতন-ফি মওকুফ এবং অনলাইন ক্লাস পরীক্ষার জন্য বিনা মূল্যে ডিভাইস ও ইন্টারনেট সেবার জন্য বাজেট বরাদ্দ।