বাহুবলে ব্রিজটির দ্রুত মেরামত দরকার

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা সদরের বাহুবল বাজার সংলগ্ন করাঙ্গী নদীর ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শত বছর আগে নির্মিত এ ব্রিজটি বাহুবলের জনগণকে চারদিক থেকে একত্রিত করেছে। ব্রিজটি যানবাহন ও জনচলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় জনগণ কিছুটা ভয় ও উত্কণ্ঠা নিয়ে রাস্তা পারাপার হয়। ৩০ জুন ২০২০ তারিখে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ব্রিজের দক্ষিণ পাশে জনচলাচলের জন্য বাঁশ দিয়ে দুইপাশ বেঁধে দেওয়া হয়। জানা যায়, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভুইয়া ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য মাস্টারপ্ল­্যান তৈরি করে ঢাকায় পাঠিয়েছেন। সম্প্রতি সিলেট থেকে বাহুবল আসার পথে ব্রিজটি নজরে পড়ে। দুই বছর আগে যেমন ছিল ঝুঁকিপূর্ণ, ব্রিজটি এখন আরো বেশি ঝুঁকিপূর্ণ। এতোদিনেও মাস্টারপ্ল­্যানের কোনো বাস্তবায়ন চোখে পড়ছে না। ব্রিজটি একেবারে ধসে পড়ার আগেই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ব্রিজটি যত তাড়াতাড়ি সম্ভব মেরামতে উদ্যোগী হোন।

হামিদা আব্বাসী

শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট