ইজারা সুকুকের দ্বিতীয় নিলাম আগামী বুধবার

ইত্তেফাক রিপোর্ট

‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর বিপরীতে দ্বিতীয় ধাপে পাঁচ বছরমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (ইজারা সুকুক) ইস্যুর নিলাম আগামী ৯ জুন বুধবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত নিলামের মাধ্যমে ৪ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ইজারা সুকুক ইস্যু করা হবে। এ সুকুকের মেয়াদ হবে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত। এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদের বার্ষিক ৪ দশমিক ৬৯ শতাংশ হারে রেন্ট/মুনাফা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে। নিলামে দেশি-বিদেশি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশে অবস্থিত যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব রয়েছে তাদের মাধ্যমে বিড দাখিল করতে পারবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের নিজের জন্য বা যে কোনো ক্লায়েন্টের জন্য ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক ক্রয়ের জন্য নিলামের তারিখ ৯ জুন ২০২১ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে নিলাম নোটিশে বর্ণিত পদ্ধতিতে বিড দাখিল করতে পারবে। বিডে কৃতকার্য বিডারদেরকে তাদের আবেদনের বিপরীতে বরাদ্দকৃত সুুকুকের পরিমাণ একই দিনে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে। অকশন-পরবর্তী কার্যদিবসে ১০ জুন ২০২১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রক্ষিত আল-ওয়াদিয়াহ বা চলতি অ্যাকাউন্ট ডেবিট এবং সিকিউরিটিজ হিসাব ক্রেডিট করে এ লেনদেন সম্পন্ন করা হবে। এর আগে প্রথম ধাপে এ প্রকল্পের জন্য ৪ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ইজারা সুকুক ইস্যু করা হয়েছিল।