বিশ্ববিদ্যালয় রিপোর্টার
যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণমুখী সাংবাদিকতা জগতের পথিকৃত্ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবাষিকী। এ উপলক্ষ্যে মিলাদ মাহফিল, তার মাজারে কোরানখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল সকাল থেকেই আজিমপুর কবরস্থানে মরহুমের মাজারে কোরানখানির আয়োজন করা হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সেসঙ্গে মরহুমের সন্তানদের পক্ষ থেকে আলাদা আলাদা কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, রেজাউল আহসান ফাগুন, দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক আবুল খায়ের, প্রেস ফেডারেশনের সভাপতি মো. আলমগীর হোসেন খানসহ দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ, জাতীয় পার্টি-জেপির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মোনাজাত শেষে দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এদিকে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনাসভার আয়োজন করে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি। এর আগে সকাল থেকেই মরহুমের মাজারে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিভাগ সমিতি, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মরহুমের কনিষ্ঠ পুত্র আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষ থেকে এতিমখানায় কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা আখতারুন্নাহার বেবীর পরিবারবর্গের পক্ষ থেকে বাদ জোহর নিজ বাসভবনে কোরানখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম
তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) গতকাল আলোচনা ও স্মরণসভার আয়োজন করে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ও স্মরণসভায় বক্তব্য রাখেন অধ্যাপক এম এ বারী, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এম এ সালাম শান্ত প্রমুখ।