বিশেষ প্রতিনিধি
সরকারের সমালোচনা করার আগে বিএনপিকে বিশ্ব গণমাধ্যমে দেশের উন্নয়নচিত্রের দিকে তাকাতে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল জাতীয় প্রেসক্লাবে দেশে গণমুখী সাংবাদিকতার পথিকৃত্ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি, বাংলাদেশ’ আয়োজিত ‘মহান স্বাধীনতাসংগ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাকের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় সমসাময়িক প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সমাজকে যেমন সঠিকখাতে প্রবাহিত করতে পারে, তেমনি চেষ্টা করলে ভিন্নখাতেও প্রবাহিত করতে পারে। বহু সংগ্রামের পথ ধরে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ রচনার পথে সংবাদপত্রজগতের পথিকৃত্ তফাজ্জল হোসেন মানিক মিয়াসহ নিবেদিতপ্রাণ বহু মানুষের অবদান চিরোজ্জ্বল। তফাজ্জল হোসেন মানিক মিয়া ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থরক্ষার জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করেননি, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
আয়োজক সংগঠনের সভাপতি এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে অধুনালুপ্ত সাপ্তাহিক রবিবারের সাবেক সম্পাদক ও মানিক মিয়া ফাউন্ডেশনের মহাসচিব সৈয়দ তশাররফ আলী, রাজনীতিক মো. নাসিরুল হক, সাংবাদিক গিয়াস উদ্দিন কুসুম, মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।