টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১২টার  দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি  পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে র্যাব। নিহতের নাম মো. রোকন শিকদার। সে টঙ্গীর হাজী মাজার বস্তির তোতা শিকদারের ছেলে।  র্যাবের দাবি, নিহত রোকন শিকদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত অন্তত ২০টি মামলা রয়েছে। র্যাব-১-এর অপারেশনস অফিসার এএসপি মুশফিকুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টঙ্গী বাজার হাজী মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে র্যাব-১-এর একটি দল অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে তারাও পালটা গুলি চালায়। র্যাবের সঙ্গে গুলিবিনিময়কালে মাদক ব্যবসায়ী রোকন শিকদার নিহত হন।

নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন শিকদার নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।