নেতৃত্ব হারালেন আসগর আফগান

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল আফগানিস্তান। সিরিজটা ড্র করলেও অধিনায়কত্ব হারিয়েছেন আসগর আফগান। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন মিডল-অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদি। দুই ফরম্যাটেই তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন রহমত শাহ।  আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, ‘আসগরের পরিবর্তে জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে শাহিদিকে। তার ডেপুটি হিসেবে কাজ করবেন রহমত। শিগিগরই টি-টুয়েন্টি দলের অধিনায়ক ঘোষণা করা হবে। তবে সংক্ষিপ্ত সংস্করণে সহ-অধিনায়ক থাকবেন রশিদ খান।’

জিম্বাবুয়ে সিরিজে আসগর আফগানের অধিনায়কত্বে সন্তুষ্ট হতে পারেনি এসিবির তদন্ত কমিটি। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এসিবির তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আসগর আফগানকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। তদন্তে উঠে এসেছে, দলের অধিনায়ক হিসেবে আফগানের কিছু সিদ্ধান্তের কারণে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারে আফগানিস্তান।’

২০১৯ সালের বিশ্বকাপের দুই মাস আগে আসগর আফগানকে বরখাস্ত করে এসিবি। গুলবাদিন নাইবের নেতৃত্বে বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। পরবর্তী সময়ে গুলবাদিন নাইবকে সরিয়ে রশিদকে অধিনায়ক করা হয়। সাত মাস পর রশিদকে সরিয়ে আবারও নেতৃত্ব ফিরে পান আসগর আফগান। ৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে ও ৫২ টি-২০ তে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি।