পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। গত রবিবার রাজধানীর বিজয় সরণি মোড়ে ঘটে এই ঘটনা। মন্ত্রী কথা বলার সময় গাড়ির জানালা দিয়ে ছিনতাইকারী মোবাইল ফোনটি ছোঁ মেরে কেড়ে নেয়। এরপর মন্ত্রীর গানম্যান আর পুলিশ অনেক খুঁজেও পেলেন না ছিনতাইকারীর টিকিটি। গতকাল মঙ্গলবার      পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজেই জানিয়েছেন ছিনতাইয়ের এই ঘটনা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। তাত্ক্ষণিকভাবে আমার গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা ছুটে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেননি। ছেলে ১ লাখ টাকায় ফোনটি কিনে দিয়েছিল আমাকে।’

মন্ত্রীর দপ্তর থেকে জানা যায়, রবিবার সন্ধ্যার পর বিজয় সরণি সিগন্যালে গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। এ সুযোগে ছিনতাইকারী ‘ছোঁ’ মেরে কেড়ে নেয় মন্ত্রীর লাখ টাকা দামের আইফোনটি। এ ঘটনায় কাফরুল থানায় অভিযোগ করা হয়েছে।  

এ ব্যাপারে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, মন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় গত রবিবার রাতে একটি মামলা দায়ের করেছেন তার পিএস। বিজয় সরণির দিকে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ি সিগন্যালে আটকে ছিল। জানালা খোলা থাকায় ছিনতাইকারী ফোন নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, আমরা এ ঘটনার ছায়াতদন্ত করছি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছিনতাইকৃত ফোনটি আইফোন। ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।