ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলের গ্রামগুলোতে চালানো দুইটি হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। রবিবার রাতভর এসব হামলা হয়েছে বলে পরদিন জাতিসংঘের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত চার বছরের মধ্যে সম্ভবত এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। উগান্ডার সীমান্তবর্তী তেশাবি গ্রাম ও বোগার নিকটবর্তী একটি উদ্বাস্তু শিবিরে চালানো এসব হামলার জন্য ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছে কঙ্গোর সেনাবাহিনী ও স্থানীয় নাগরিক অধিকার গোষ্ঠীগুলো। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা জানিয়েছেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বেসামরিক অনেক মানুষকে অপহরণ করা হয়েছে।