ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টিএসসি ও টিএসসি-সংলগ্ন এলাকায় অসহায়দের মধ্যে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিতে এ হামলা করে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের ১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন।
ঘটনার বিষয়ে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, জিয়াউর রহমানের শাহাদত্বার্ষিকী উপলক্ষ্যে টিএসসিতে শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা টিএসসিতে অবস্থান করলে ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান পিকুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০ জন আহত হন এবং ছয় জন ঢাকা মেডিক্যালের ইমার্জেন্সিতে ভর্তি রয়েছেন। আমাদের খাদ্য ও শিক্ষাসামগ্রীগুলোও তারা লুট করেছে।
হামলায় আহত অন্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক আখতার হোসেন, জহির উদ্দিন আহমেদ, আবু জাফর, শাহজাহান শাওন, মোস্তাফিজুর রহমান রুবেল, মিয়া মো. রাসেল, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম তারিক, রিয়াজ আনোয়ার হোসেন, ফারহান আরিফ, রাজু আহম্মদ, কামরুল হাসান খান, মাহমুদুল হাসান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান পিকুল, শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা ও এসএম হল ছাত্রলীগের সহসভাপতি খান মিলন হোসাইন নীরবের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী এ হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলার ঘটনা অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল, উপদলীয় কোন্দল বৃদ্ধি পেয়েছে। এর বহিঃপ্রকাশ হিসেবে তারা নিজেদের মধ্যে ঘটনাটি ঘটিয়েছে।