দেশে গত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরো ১ হাজার ৭৬৫ জনের মধ্যে। দৈনিক শনাক্ত ও মৃত্যু এই সংখ্যা তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৬ মে ১ হাজার ৮২২ জন আক্রান্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর এক দিনে ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল ৯ মে। গত কয়েক দিন ধরে সংক্রমণ ও মৃত্যু সংখ্যা কিছুটা কম থাকলেও আবার তা বাড়তে শুরু করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ২ হাজার ৩০৫ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৬০ জন। সরকারি হিসেবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ১ হাজার ৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৩টি ল্যাবে ১৮ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি নমুনা। মঙ্গলবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ২৬ জন পুরুষ আর নারী ১৫ জন। তাদের ২৮ জন সরকারি হাসপাতালে, ১০ জন বেসরকারি হাসপাতালে এবং তিন জন বাড়িতে মারা যান। তাদের মধ্যে ২৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং এক জনের বয়স ছিল ১০ বছরের কম। মৃতদের মধ্যে ১৫ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, ছয় জন রাজশাহী বিভাগের, চার জন খুলনা বিভাগের, দুই জন বরিশাল বিভাগের এবং তিন জন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৬৬০ জনের মধ্যে ৯ হাজার ১৩৯ জন পুরুষ এবং ৩ হাজার ৫২১ জন নারী।