ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠক ইসির

করোনা মহামারি পরিস্থিতি যেমনই হোক এর মধ্যে নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আইনানুযায়ী কমিশনকে নির্বাচন করতেই হবে। এ লক্ষ্যে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কমিশন সভা আহ্বান করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে সভায় চার জন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ঐ সভায় এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্তের বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের চিঠির বিষয়েও আলোচনা হবে। যদিও গত ১৯ মে স্থগিত সভাটি আজ অনুষ্ঠিত হবে। জুনের মধ্যে ইউপিসহ স্থগিত স্থানীয় এবং জাতীয় নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে—লক্ষ্মীপুর-২ আসনের স্থগিতকৃত নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিতকৃত নির্বাচন; সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন; ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন ও পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন; লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা নির্বাচনের তদন্ত প্রতিবেদন।