উপপরিচালকসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

হাসপাতালের কেনাকাটায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শ্যামলী টিবি হাসপাতালের দুই উপপরিচালক ও ঠিকাদারসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার তিনটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। এ মামলায় যাদের আসামি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন শ্যামলী টিবি হাসপাতালের উপপরিচালক ডা. মো. আবু রায়হান, সাবেক উপপরিচালক ডা. মো. ইমরান আলী, ঠিকাদার ও মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মালিক মুন্সী ফররুখ হোসাইন, নির্ঝর এন্টারপ্রাইজের মালিক আফসানা ইসলাম কাকলী ও প্রমিক্সো লিমিটেডের মালিক মৌসুমী ইসলাম। শিগিগরই মামলাগুলো দায়ের করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

দুদক সচিব জানান, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের মালামাল কেনার ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে একটি বিলের মাধ্যমে ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮৮ টাকা, তিনটি বিলের মাধ্যমে ২ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৬ টাকা এবং আরো একটি বিলের মাধ্যমে ৫৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আত্মসাতের অপরাধে পাঁচ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে কমিশন। অভিযোগের সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-৫ (২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।