বৃষ্টির পানিতে বিদ্যুতের তার

বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই রিকশাচালকের মৃত্যু

রাজধানীর উত্তরায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে। তারা হলেন—কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫০) ও সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে জিয়া (৪৫)। মঙ্গলবার সকাল ৮টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে ঐ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারের সঙ্গে পেঁচিয়ে তারা দুই জন একসঙ্গেই বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়ারি করা হয়েছে বলেও জানান ওসি।