আফ্রিকায় অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টায় ছিল চীন। কিন্তু সম্প্রতি ইথিওপিয়ায় একটি টেলিযোগাযোগ নিলামে যুক্তরাষ্ট্র সমর্থিত কনসোর্টিয়ামের কাছে হারতে হয়েছে চীনের অর্থায়িত এক প্রতিষ্ঠানকে। যেটিকে বেইজিংয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গত সোমবার জাস্টআর্থনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পূর্ব আফ্রিকার দেশটি বলেছে যে, তারা যুক্তরাজ্যের ভোডাফোন গ্রুপ পিএলসির নেতৃত্বে একটি টেলিযোগাযোগ সংস্থার দলকে ট্যাপ করেছে। যারা দেশজুড়ে ৫জি ওয়্যারলেস নেটওয়ার্ক প্রতিষ্ঠা করবে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গ্রুপটি সম্পূর্ণ নতুন একটি মার্কিন বিদেশী সহায়তা সংস্থা থেকে মাল্টি বিলিয়ন ডলার প্রকল্পের জন্য আর্থিক সমর্থন জিতেছে।
মার্কিন বিদেশী সহায়তা সংস্থাটি স্বল্প সুদে ঋণ দেওয়ার অফার করেছে। তবে অর্থায়ন একটি শর্তের বিনিময়ে আসবে। আর তা হলো- এই অর্থ দিয়ে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোং এবং জেডটিই কর্প থেকে কোনো ধরনের টেলিকম সরঞ্জামাদি কেনা যাবে না। উভয় কোম্পানিকে গুপ্তচরবৃত্তির হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন। যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, গত সপ্তাহান্তে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন এবং যুক্তরাজ্যের সার্বভৌম বিনিয়োগ তহবিল সিডিসি গ্রুপের সহায়তায় এবং ব্রিটেনের ভোডাফোন, কেনিয়ার সাফারিকম, দক্ষিণ আফ্রিকার ভোডাকম এবং জাপানের সুমিটোমো কর্পোরেশনের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশটিতে ১৫ বছরের লাইসেন্স সুরক্ষিত করতে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার বিড করার পর একটি চুক্তি জিতেছে।
অন্য বৃহত্তম প্রার্থী চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিল্ক রোড তহবিল সমর্থিত আফ্রিকার বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এমটিএন ৬০০ মিলিয়ন পর্যন্ত বিড করার পর পরাজয় স্বীকার করে।
ইত্তেফাক/টিএ