ইসরায়েলি ‘আয়রন ডোমের’ জন্য যুক্তরাষ্ট্র আরো অনুদান পাঠাবে: সিনেটর

আয়রন ডোমসহ সম্পূর্ণ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে ইসরায়েলকে দ্রুত সময়ের মধ্যে এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এমনটাই আশা করছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। মঙ্গলবার (১ জুন) জেরুজালেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সিনিয়র এই রিপাবলিকান সিনেটর বলেন, এই সপ্তাহে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে পেন্টাগনের কাছে ১ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব আসবে। মূলত আয়রন ডোমসহ সম্পূর্ণ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে তাদের এই অনুরোধ।

মার্কিন সিনেট বরাদ্দ কমিটির এই সদস্য বর্তমানে ইসরায়েল সফর করছেন। সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গে সাক্ষাৎ করেন। এই কমিটি বিদেশে সামরিক সহায়তাসহ বিভিন্ন ব্যয় তদারকি করে।

লিন্ডসে গ্রাহাম বলেন, গত মাসে হামাসের রকেট হামলা থেকে হাজারো ইসরায়েলি নাগরিককে রক্ষা করেছে আয়রন ডোম। তাই আশা করছেন, ইসরায়েলের এই অনুরোধ প্রেসিডেন্ট জো বাইডেন এবং কংগ্রেস উভয়ের সমর্থন পাবে।

হামাস এবং ইসরায়েল রাষ্ট্রের মধ্যে হওয়া সর্বশেষ সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। তবে আমি এখানে (ইসরায়েল) আপনাদের জানাতে চাই যে, ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে ইসরায়েলের পক্ষে বিস্তৃত এবং গভীর সমর্থন রয়েছে, যোগ করেন তিনি।

জাতিসংঘের তথ্যমতে, টানা ১১ দিনের সহিংস সংঘাতে কেবল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে ৬৮ শিশুসহ অন্তত ২৭০ জন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার জন ফিলিস্তিনি নাগরিক।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে ২ শিশুসহ নিহতের সংখ্যা ১৩ জন।

ইত্তেফাক/টিএ