সেতুমন্ত্রীর বাড়ির সামনে থেকে গুলির খোসা-ককটেল-বোমা উদ্ধার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের গ্রামের বাড়ির প্রবেশপথের সড়ক থেকে এক রাউন্ড গুলির খোসা, দুইটি অবিস্ফোরিত ককটেল ও দুইটি চকলেট বোমা উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত ১২টার দিকে তার বাড়ির প্রবেশপথের সড়কের পাশ থেকে এসব উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দা ও বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মন্ত্রীর বাড়ির নিরাপত্তা প্রহরী সুমন সড়কের পাশে গুলি খোসা ও ককটেল দেখতে পায়। সুমন মন্ত্রীর বাড়ির দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানান। পরে কোম্পানীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, মন্ত্রীর বাড়ির প্রবেশপথ সংলগ্ন সড়কের পাশ থেকে এক রাউন্ড গুলির খোসা, দুইটি অবিস্ফোরিত ককটেল ও দুইটি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এর আগে গত ১৬ এপ্রিল রাতে একই স্থান থেকে ককটেল উদ্ধার করা হয়েছিল। বুধবার (২ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন ও নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় র‌্যাব-১১, নোয়াখালী ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশ বসুরহাট বাজারে টহল দিচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচডি