হৃদপিণ্ডে সমস্যার সঙ্গে ফাইজারের টিকার সংযোগ থাকতে পারে: ইসরায়েল

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজারের ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ হৃদপিণ্ডের প্রদাহে আক্রান্ত হয়েছেন। ভ্যাকসিনের সঙ্গে এই সমস্যার সংযোগ থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার (২ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এ প্রদাহকে বলা হয় মায়োকার্ডাইটিস। ফাইজার জানিয়েছে, এ ঘটনা খুব বেশি ঘটেছে- এমনটা হয়নি।

ইসরায়েলে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে গতবছরের ডিসেম্বর থেকে এবছরের মে পর্যন্ত ২৭৫ জন মায়োকার্ডাইটিস রোগী পাওয়া গেছে। গবেষণা বলছে, যারা এই প্রদাহে আক্রান্ত হয়েছেন তাদের কাউকেই চারদিনের বেশি হাসপাতালে থাকতে হয়নি। অন্যদিকে, রোগীদের মধ্যে ৯৫ শতাংশেরই এই সমস্যা খুব হালকা ছিল। ফাইজারের ভ্যাকসিন গ্রহণকারী ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে এ সমস্যা দেখা গেছে। এর সঙ্গে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের সম্ভাব্য সংযোগ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের সরকারি ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) ইসারায়েলিদের মায়োকার্ডাইটিস সমস্যায় উদ্বেগ প্রকাশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে, এ বিষয়ে যেন আরও অনুসন্ধান ও তদন্ত অব্যাহত রাখা হয়।

গণটিকাদান কর্মসূচিতে বিশ্বের অন্যতম সফল দেশ হিসেবে ধরা হয় ইসরায়েলকে। দেশটিতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় এবং বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মাত্র ৩৪০ জন। এ পর্যন্ত দেশের মোট জনসংখ্যার ৫৫ শতাংশকেই টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে দেশটির সরকার।

ইত্তেফাক/এসএ