স্পোর্টস রিপোর্টার
একটা সময় ফুটবল মাঠে আফগানিস্তানকে গোনায় ধরত না বাংলাদেশের ফুটবল। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় এসেছিল আফগানিস্তান। তিন ম্যাচ হেরে শূন্যহাতে বিদায় নিয়েছিল যুদ্ধবিধ্বস্ত দেশ অফগানিস্তান। সেই দেশটি ২০১৩ সালে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করেছিল। আর এই আসরেই বাংলাদেশ গ্রুপ থেকেই বিদায় নিয়েছিল। এর পরই আফগানিস্তান আর সাফে না খেলার ঘোষণা দিয়ে আসিয়ান দেশে ফুটবল খেলার কথা জানায়। আফগানিস্তানকে পাত্তা দেয়নি আরিফ খান জয়, হাসান আল মামুন, আমিনুল, পারভেজ বাবু, মতিউর মুন্না, আলফাজরা। আর তাদের উত্তরসূরি শাখাওয়াত রনি, জীবনরা ম্যাচ জিততে জীবন দিয়ে ফেলছেন। আফগান ফুটবল সংস্থা যেভাবে পরিকল্পনা করে বাংলাদেশ হয়তো সেভাবে করতে পারেনি। ২০১৯ সালে ঘরের মাটিতে ক্রিকেটেও বাংলাদেশ টেস্ট ম্যাচ হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে।