ধামরাই (ঢাকা) সংবাদদাতা
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতার জন্য প্রচার-প্রচারণা এবং তাগিদের পরও মাস্ক না পরেই বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসছেন সেবা গ্রহীতারা। ধামরাইয়ে হাটবাজারে ও বিভিন্ন দপ্তরে মাস্কবিহীন অবস্থায় সেবা নিতে আসতে দেখা যায় সেবা গ্রহীতাদের। উপজেলার সূতিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায় মাস্ক না পরেই অনেকে সেবা নিতে আসছেন। মাস্ক না পরে যারা সেবা নিতে আসছেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা আগত সব সেবা গ্রহীতাকে আগে বিনা মূল্যে মাস্ক দিয়ে মাস্ক ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতন করে তারপর সেবা দিচ্ছেন। চেয়ারম্যান রাজা বলেন, গ্রামের সহজসরল মানুষগুলোর সঙ্গে দুর্ব্যবহার না করে তাদের বুঝিয়ে বলাও এক ধরনের জনসেবা।