জাবি সংবাদদাতা
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন কার্যক্রম শেষ ও যেসব শিক্ষার্থী ভ্যাকসিন নেননি তাদের তালিকা তৈরি করে বিশ্ববিদ্যালয় সচল করার দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের হল এবং ক্যাম্পাস খোলার জন্য যে শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম শিক্ষার্থীদের টিকা নেওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারী এবং অধিকাংশ শিক্ষার্থী টিকা নিয়েছেন। তাহলে বিশ্ববিদ্যালয় খুলতে বাধা কোথায়? আমরা চাই অতিদ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক।’