ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের উন্নয়ন বিষয়ে প্রচার হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনে। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) সিএনএন নেটওয়ার্কে বিশ্বব্যাপী বাংলাদেশের বিভিন্ন রপ্তানি খাতকে প্রচারের লক্ষ্যে সিএনএন ইন্টারন্যাশনাল কমার্শিয়ালের সঙ্গে একটি অনার্থিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক বাজারে রপ্তানি কৌশল বৃদ্ধির উদ্দেশ্যে সরকারি-বেসরকারি সহযোগিতার মডেলে বেসরকারি খাতের অর্থায়নে ক্যাম্পেইনটি পরিচালিত হবে বলে গতকাল বিএফটিআই জানিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন, এই দুই বিশেষ উপলক্ষ্যকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বিএফটিআইকে এ সামগ্রিক ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মাধ্যমে বিশ্বব্যাপী সিএনএনের দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে বিএফটিআই উল্লেখ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত স্টিয়ারিং কমিটির সরাসরি তত্ত্বাবধানে ‘মেইড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইন পরিচালিত হবে। এ জন্য বিএফটিআইয়ের সঙ্গে সিএনএনের স্থানীয় প্রতিনিধি স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড একসঙ্গে কাজ করবে। বিএফটিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল আজম বলেন, এতে বিভিন্ন শিল্পের রপ্তানি কৌশল নিশ্চিত করাসহ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও দীর্ঘ মেয়াদে দেশের সামষ্টিক অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।