রূপগঞ্জে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা গ্রেফতার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের মাহমুদাবাদ এলাকার ছালাউদ্দিনের ছেলে বহু মামলার আসামি সোলায়মান মিয়া গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় গতকাল রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোলায়মানের ছোট ভাই রাজিব মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, তার ভাই মুড়াপাড়া ইউপির সাবেক সদস্য নোমান ও তারাব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরসহ ২১ জনকে আসামি করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশ এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন গন্ধর্বপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহ্বাজ, জয়নালের ছেলে ফজলুল হক ও মাছিমপুর এলাকার ছানু মিয়ার ছেলে আক্তার হোসেন। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সোলায়মান গত ১ জুন গণপিটুনিতে নিহত হয়।