ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ।
নওগাঁ: জেলার মান্দা ও নিয়ামতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। বুধবার সকাল থেকে দুপূরের মধ্যে এ ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতরা হলেন, বকুল হোসেন (২৫) ও মো. মিনহাজুল (৪৮)। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, এদিন দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল পেট্রোলপামপ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে বকুল ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে, মো. মিনহাজুল ও শাহিন আলম সকালে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মন্দাকান্দা নামক স্থানে আসলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে মিনহাজকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী): সোনাইমুড়ি-চাটখিল সড়কের সোনাইমুড়ির আমকি বাজারে মঙ্গলবার রাতে পিকআপের চাপায় হান্নান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আমকি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সোনাইমুড়ি থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি।
ডোমার (নীলফামারী) সংবাদদাতা: মঙ্গলবার রাতে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় টলেন চন্দ্র বর্মণ (৬৫) নামের এক জন নিহত হয়েছে। তিনি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের মৃত ভদ্ররাম বর্মণের ছেলে। থানার ওসি মোস্তাফিজার রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাঠালিয়া (ঝালকাঠি): অতিদারিদ্রের কর্মসংস্থান কর্মসূচির কাজ শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় অর্চনা রানী (৩৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের বিধান মিস্ত্রির স্ত্রী। শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।