ঈশ্বরদীর বহুল আলোচিত কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদ ওরফে ভোলা (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এর রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার করতে সমর্থ হয়েছে। বুধবার পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এক প্রেস ব্রিফিংয়ে ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া এবং এককভাবে সম্পত্তি ভোগের লালসায় কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।
শাকিল হত্যায় জড়িত স্ত্রী মিম খাতুন (২০) ও আপন ছোট ভাই সাব্বিরকে (২২) পুলিশ সন্দেহজনকভাবে ঘটনার রাতেই গ্রেফতার করে। ইতিমধ্যে স্ত্রী মিম ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে। এই হত্যার রহস্য নিয়ে প্রথমে পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। পুলিশ সুপারের নেতৃত্বে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, থানার ওসি আসাদুজ্জামান আসাদ এবং ওসি (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলামসহ পুলিশের একটি চৌকশ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেফতার করে। পরে থানায় জিজ্ঞাসাবাদে নিহত শাকিলের স্ত্রী ও ভাই হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।