খুলনার তিন থানা এলাকায় কাল থেকে কঠোর বিধিনিষেধ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরাধে আপাতত খুলনায় লকডাউন দেওয়া হচ্ছে না। তবে আগামীকাল শুক্রবার থেকে মহানগরীর তিনটি থানা এলাকায় এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থানাগুলো হচ্ছে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর। উল্লিখিত সময়ের জন্য এসব এলাকায় সব দোকানপাট বন্ধ রাখা হবে। জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। পরে জেলা প্রশাসক সিদ্ধান্তটি প্রজ্ঞাপন আকারে জারির কথা বলেন।

লকডাউনে রাজশাহীতে বাড়ানো হয়েছে বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, সরকারের চলমান লকডাউনে রাজশাহীতে বাড়ানো হয়েছে বিধিনিষেধ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল বন্ধসহ ১০টি শর্ত যুক্ত করে গতকাল বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে রাজশাহী জেলা প্রশাসন। পরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রজ্ঞাপনে বলা হয়, আজ থেকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ, সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা, সব সভাসমাবেশ নিষিদ্ধ এবং সব বিনোদনকেন্দ্র বন্ধ।