পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে স্বামী-শ্বশুর মিলে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন চালিয়েছে। উপজেলার টিকিকাটা ইউনিয়নের পূর্ব সেনের টিকিকাটা গ্রামের বিদ্যুিমস্ত্রি বেল্লাল মল্লিক তার স্ত্রী আমেনা বেগমকে (২৫) গত সোমবার দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পিছমোড়া করে গাছে বেঁধে পেটায়। প্রতিবেশী এক যুবক এ দৃশ্য মোবাইলে গোপনে ধারণ করেন। গতকাল বুধবার ঐ যুবক স্থানীয় কয়েক জন সাংবাদিকের ম্যাসেঞ্জারে ভিডিওটি ছড়িয়ে দেন। পরে সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের সত্যতা পান।
গতকাল বুধবার সরেজমিনে গেলে নির্যাতিত গৃহবধূ আমেনা বেগম অভিযোগ করে বলেন, চার বছর আগে চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করার সময় বেল্লাল মল্লিকের সঙ্গে প্রেমের সম্পর্কের পরে বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ জানতে পারেন ইতিপূর্বে তার স্বামী আরো দুটি বিয়ে করেছে। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। গত সোমবার দুপুরে রান্নাঘরে বৃষ্টির জল গড়ানোকে কেন্দ্র করে শ্বশুর ও শাশুড়ির সঙ্গে গৃহবধূর কথা-কাটাকাটি হয়। এ নিয়ে শ্বশুর ও শাশুড়ি মিলে ঐ গৃহবধূর স্বামীকে ক্ষেপিয়ে তোলে। পরে বেল্লাল মল্লিক তার স্ত্রীকে মারধরের একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে পেটায়।
এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত স্বামী ও শ্বশুর গা ঢাকা দিয়েছে। তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ জানায়নি।