আশুলিয়ায় বাসে তরুণীকে ধর্ষণ মামলার চার আসামি ফের তিন দিনের রিমান্ডে

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে দল বেঁধে ধর্ষণ মামলায় তিন দিনের রিমান্ডে থাকা পাঁচ আসামির মধ্যে চার জনের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার দুপুরে ফের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের সিনিয়র জুডিশিয়াল কোর্টের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদারের আদালতে পাঠানো হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এসময় মনোয়ার নামে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।

এর আগে শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বগুড়ার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে বাসচালক সুমন (২৪)। এ ঘটনায় গ্রেফতারকৃত ছয় জনের মধ্যে দুই জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

ফের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা চার আসামি হলো, ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়ার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫) ও বগুড়ার ধুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০)।

গত ২৮ মে মধ্য রাতে আশুলিয়ায় চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ছয় জনকে আটক ও মিনিবাসটি জব্দ করে পুলিশ। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করলে ২৯ মে ছয় আসামিকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।