ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনলাইন ক্লাসের সময়সূচী ও বাড়ির কাজের চাপ নিয়ে অভিযোগ করেছে ছয় বছর বয়সী এক শিশু। সেই অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, মাহিরা খান নামে ৬ বছরের শিশুটি কাশ্মীরের বাসিন্দা। তার অভিযোগের ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনলাইন ক্লাসের বিধিমালা নতুন করে তৈরি করার নির্দেশনা দিয়েছেন জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর। কাশ্মিরের শিক্ষা অধিদফতরকে ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের ওপর থেকে বাড়ির কাজের চাপ কমিয়ে আনার জন্য নতুন নীতিমালা জারি করার নির্দেশ দিয়েছেন তিনি।
ভিডিওতে মাহিরাকে বলতে শোনা যায়, যদি আমার স্কুল খুলে দিতো তাহলে ভালো হতো। আমি আমার বন্ধুদের অনেক মিস করি। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাস হয় আমার।
এক ঘোষণায় জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর জানান, কোমলমতি একটি অভিযোগ এসেছে। তার উপর ভিত্তি করে শিক্ষা অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে। হোম ওয়ার্কের নামে শিশুদের ওপর যে চাপ পরে তা কমানোর জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছে তাদের।
ইত্তেফাক/টিআর