জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে ২০২১-২২ অর্থবছরের বাজেট। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের এই বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে করোনাভাইরাস অভিঘাত থেকে মোকাবিলার বিষয়টি।
চলমান মহামারি করোনা ভাইরাস মোকাবিলা ও বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন কেনা বাবদ এই অর্থ বছরে ১০ হাজার কোটি টাকা বাজেট পেশ করেছেন তিনি। এছাড়াও বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয়া হচ্ছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। এটি মোট বাজেটের ৭ দশমিক ৪ শতাংশ।
চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ২৯ হাজার ২৪৭ কোটি টাকার বরাদ্দ রয়েছে। স্বাস্থ্য খাতের বিনিয়োগ বাড়াতে আগামী বাজেটে নতুন করে কর অবকাশ সুবিধা দেয়া হচ্ছে।
রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং বিভাগীয় শহরের বাইরে হাসপাতাল-ক্লিনিক নির্মাণে বিনিয়োগ করলে ১০ বছরের কর অবকাশ সুবিধা দেয়া হতে পারে। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত এ সুযোগ মিলবে। পাশাপাশি সরকারি সব হাসপাতালকে অত্যাধুনিক করা হবে। আইসিইউ, ভেন্টিলেটরসহ করোনা মোকাবিলার পর্যাপ্ত সামগ্রী কেনা হবে। এছাড়া করোনা মোকাবিলায় নতুন ২ হাজার চিকিৎসক, ৬ হাজার নার্স এবং ৭৩২ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। এদের জন্য আসছে বাজেটে ৫০০ কোটি টাকা রাখা হচ্ছে।
ইত্তেফাক/এনএ