সেই পাখি কোন পাখি

সেই পাখি কোন পাখি..

মধুশিস দিয়ে উড়ে চলে গেল

খানিক বুলিয়ে আঁখি।

বর্ণালি ডানা, রাজকীয় ঝুঁটি

ঝিলিমিলি লেজ তুলে..

পলকে দূরের মেঘে মিশে গেল

পৃথিবীর কথা ভুলে।..

 

কোন বনে ছিল, কোন মহুয়ার

ডালে গড়েছিল নীড়..

কোন পাহাড়ের সাথে ছিল তার

বন্ধন সুনিবিড়।

কোন সাগরের জলে ডুব দিয়ে

করেছিল ঝুঁটি নীল..

কোন সকালের রোদে মিশে ডানা

হয়েছিল ঝিলমিল!

জানাই হলো না কোন দেশ থেকে

এসেছিল এই দেশে—

একবার শুধু মধুশিস দিয়ে

উড়ে চলে গেল শেষে।..

 

কোন পাখি তুই, ডাকি তোকে আমি

কোন নাম ধরে ধরে..

তোর খসে পড়া পালকটি শুধু

রেখেছি যত্ন করে।