১৭ দফা বাস্তবায়ন কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংগীতের তিন সংগঠন গীতিকবি সংঘ (এলএবি), সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএবি) ও মিউজিক কম্পোজার্স সোসাইটি অব বাংলাদেশের (এমসিএসবি) শীর্ষ নেতৃবৃন্দের দেওয়া ১৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুন জাতীয় আর্কাইভ মিলনায়তনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক রেজওয়ানা চৌধুরী বন্যা, এমসিএসবি-এর সভাপতি নকীব খান, সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক কুমার বিশ্বজিত্ ও হাসান আবিদুর রেজা জুয়েল, গীতিকবি সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ ইকবাল ও কবির বকুল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেল, শওকত আলী ইমন ও জয় শাহরিয়ার সভায় উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবিহা পারভীন, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সভাপতি, বাংলাদেশ কপিরাইট বোর্ড, জাফর রাজা চৌধুরী, রেজিস্ট্রার অব কপিরাইট ও সংগীতের ১৭ দফা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ড. ললিতা রানী বর্মণ, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সদস্য, বাংলাদেশ কপিরাইট বোর্ড। সভায় উপস্থাপিত ১৭টি দাবির মধ্যে বেশ কয়েকটির নিষ্পত্তি ও সকল দাবির অগ্রগতি তুলে ধরেন রেজিস্ট্রার অব কপিরাইট ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাফর রাজা চৌধুরী। জাফর রাজা বলেন, ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংগীতের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের নিবন্ধনের সুযোগ সৃষ্টির দাবি এরইমধ্যে কার্যকর করা শুরু হয়েছে। এখন থেকে সংগীত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কপিরাইট অফিসেই নিবন্ধন করতে পারবেন।’ এ সময় প্রতিমন্ত্রী কে এম খালিদ মধ্য মেয়াদি দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংগীত ব্যক্তিত্বদের জন্য এমআইপির প্রস্তাব তিন সংগঠনের যৌথভাবে দেওয়া ৬টি মানদণ্ড পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর অনুমোদনসহ অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করেন।