১২ থেকে ১৮ বছর বয়সি সবাইকে আগামী ১৫ জুন থেকে ভ্যাকসিন দেবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। ফলে কম বয়সিরাও এখন ভ্যাকসিনের আওতায় আসছে। খবর ফ্রান্স ২৪-এর
দক্ষিণ ফ্রান্সের সেন্ট-কার্ক-লেপোপি গ্রামে সফরকালে ম্যাক্রোঁ এটা পর্যবেক্ষণ করেছেন যে, দেশটির ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক এখন পর্যন্ত অন্তত ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছে। তিনি এটাকে সত্যিকার অর্থেই দেশের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ভ্যাকসিন সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে পূর্বনির্ধারিত সময়ের আগে চলতি সপ্তাহেই আরো বেশি সংখ্যক প্রাপ্তবয়স্ক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হচ্ছে। ফ্রান্সে ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। কম বয়সিদের ভ্যাকসিনের আওতায় আনার বিষয়ে অনেক দেশেই বিতর্ক সৃষ্টি হয়েছে।