চট্টগ্রামে সিগারেট লুট করা ডাকাতের আস্তানায় মিলল অস্ত্র

চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গুদাম থেকে সিগারেট লুট করা ডাকাত দলের আস্তানায় অস্ত্রের সন্ধান পেয়েছে পুলিশ। বুধবার রাতে নগরীর চান্দগাঁও থানার শঙ্কর দেওয়ানজির হাট এলাকায় আহমদ হোসেন কন্ট্রাক্টরের কলোনির নাসিরের বাসায় অভিযান চালিয়ে দুটি এলজি, দুই রাউন্ড গুলি ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ডাকাতির ঘটনায় নূর নবীকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে নূর নবী তার নেতৃত্বে ১০ থেকে ১২ জন ডাকাতিতে অংশ নিয়েছিল বলে স্বীকার করে। নূর নবী আরো জানায় তাদের অস্ত্র থাকে দলের সদস্য নাসিরের কাছে। এমন তথ্যের ভিত্তিতে নূর নবীকে নিয়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে তার সহযোগী নাসির পালিয়ে যায়।