১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে সাদাম্পটনে বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে নামবে বিরাট কোহলির ভারত। মাত্র একটি ম্যাচের ভিত্তিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব নির্ধারণ না হওয়াই ভালো। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। লন্ডন যাওয়ার আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রবি শাস্ত্রী বলেন, ‘বেস্ট অব থ্রি ফাইনাল হলেই ভালো হতো। কিন্তু আইসিসির কাছে এবার সেই সুযোগ ও সময় নেই। দ্বিপাক্ষিক সিরিজের চাপ রয়েছে।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘গত দুই বছর ধরে ছেলেরা অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে। চ্যাম্পিয়ন হতে দরকার আর একটি জয়। তাই ফাইনালের ওপরই এখন যাবতীয় ফোকাস করা দরকার। শুরু থেকেই আমরা ১ নম্বর দলের মতো পারফরম করে এসেছি। আশা করছি, ১ নম্বরে থেকেই অভিযান শেষও করতে পারব।’ অনেকেই সীমিত ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে। এই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে। ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাটে বিশ্বসেরা হওয়া বড় ব্যাপার। তাই এই ফাইনালের বাড়তি গুরুত্ব রয়েছে।’
জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় দল পাঠাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, সেই সময় কোহলিরা ইংল্যান্ডে থাকবেন। এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘পরিস্থিতির বিচারে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে ভবিষ্যতে ক্রিকেট আরো বাড়লে দুটো আলাদা দল তৈরি করতে হতে পারে। সেটা খুব খরাপ হবে না।’ এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড যে কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতকে ফেলবে, তা নিয়ে কোনো সংশয় নেই পার্থিব প্যাটেলের। তার মতে, প্রতিকূল পরিস্থিতিতে একটা দল হয়ে ওঠাই কেন উইলিয়ামসনের দলের সবচেয়ে বড় শক্তি। সাবেক উইকেটকিপার পার্থিব বলেছেন, ‘সমস্ত দলে তারকারা থাকে। কিন্তু কিউইরা নিজেদের সীমাবদ্ধতা জানে। সেই মতো ওরা একজোট হয়ে খেলতে নামে। চাপের মুখে দলবদ্ধ লড়াই করার মনোভাবই ওদের সবচেয়ে বড় শক্তি।’