মোরেলগঞ্জে পানগুছি নদী তীরবর্তী সড়কটি বেহাল

মোরেলগঞ্জের পানগুছি নদীর তীরবর্তী ইটের সোলিং সড়কটি বেহাল। জানা যায়, বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণীখালী বাজার হয়ে পুটিখালী ইউনিয়নের সোনাখালী বাজারে এসে শেষ হয়েছে এ সড়কটি। প্রতিদিন এ সড়ক দিয়ে বহরবুনিয়া, পুটিখালী ও পঞ্চকরণ ইউনিয়নের ৮-১০ হাজার লোক যাতায়াত করে। গত পাঁচ-ছয় বছর ধরেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে দুই কিলোমিটার সড়ক নদীর ভাঙনে ধসে পড়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, সড়কটি ক্রমেই ভেঙে নদীতে চলে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সড়কটির বিষয়ে খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।