মতলব দক্ষিণ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে দালালদের উত্পাত বেড়েছে। ফলে অসহায় হয়ে পড়েছে সেবা নিতে আসা রোগীরা। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র রোগীরা দালালের খপ্পরে পরে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরজমিনে দেখা গেছে, মতলব সরকারি হাসপাতালের কাছাকাছি সাত-আটটি ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথোলজি রয়েছে। দালালরা হাসপাতালের আউটডোরে ঢুকে রোগীদের ভালো চিকিত্সার কথা বলে এসব ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথোলজিতে নিয়ে যায়। আবাসিক মেডিক্যাল অফিসার রাজিব কিশোর বণিক বলেন, ‘দালালদের আমরা নিষেধ করা সত্ত্বেও তারা আউটডোরে প্রবেশ করছে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাউছার হিমেল বলেন, একাধিকবার দালালদের ধরে থানায় সোপর্দ করা হলেও কোনোভাবেই তাদের নিষ্ক্রিয় করা যাচ্ছে না। মতলব দক্ষিণ থানার ওসি মহিউদ্দিন মিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।