বরিশালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারী আটক

বরিশাল নগরীতে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নৌবন্দর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম। আটককৃতরা হচ্ছেন কুমিল্লার বাসিন্দা জাহানারা বেগম ও ব্রাহ্মণবাড়িয়ার বিলকিস আক্তার।  কোতোয়ালি মডেল থানার এসআই দোলা জানান, বরিশাল নৌবন্দর এলাকায় এক নারীর চিত্কার শুনে টহলরত পুলিশ গিয়ে অভিযুক্ত দুই নারীকে আটক করে। তখন ভুক্তভোগী জানায়, দুই নারী তার গলার স্বর্ণের চেইন নিয়ে গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য উদ্ঘাটন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 লঞ্চে ধর্ষণের অভিযোগে মামলা

বরিশালে হিজলা-ঢাকা নৌরুটে লঞ্চে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাতে নির্যাতনের শিকার ঐ তরুণী বাদী হয়ে মাইদুল ইসলাম মাসুম নামে এক জনের বিরুদ্ধে হিজলা থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন মাসুম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মাধরায় গ্রামের বাসিন্দা। এ বিষয়ে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ঘটনাটি গত শনিবার রাতের হলেও নির্যাতনের শিকার ঐ তরুণী মামলা দায়ের করেন বুধবার রাতে। অভিযোগ তদন্তের পাশাপাশি অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।